প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
চট্টগ্রামে রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে সিএমপি’র মতবিনিময় সভা: ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

পারভেজ বাঙালী।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
আগামী ১৬ জুলাই ২০২৬ খ্রি. অনুষ্ঠাতব্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিএমপি’র পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) নেতৃবৃন্দ, তুলশী ধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণে সিএমপি’র ব্যাপক প্রস্তুতি
সভায় রথযাত্রা শতভাগ নিরাপদ রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনার কথা জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় উৎসবের দিন মাঠপর্যায়ে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে অন্যতম পদক্ষেপগুলো হলো:
পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল এবং হোন্ডা মোবাইলের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষায়িত সোয়াট (SWAT) টিম এবং বম্ব ডিসপোজাল টিম।
সিএমপি’র ডিবি টিম এবং সাদা পোশাকে বিশেষ গোয়েন্দা টিম পুরো রথযাত্রার রুট জুড়ে নজরদারি চালাবে। এছাড়া বহুতল ভবনের ছাদে থাকবে রুফটপ পার্টি।
যানজট এড়াতে এবং ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের বিশেষ দল দায়িত্ব পালন করবে।
সিএমপি কমিশনারের বিশেষ নির্দেশনা ও অনুরোধ
উদ্যাপন কমিটি এবং নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন:
১. প্রতিটি রথযাত্রা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং আগে থেকে নির্ধারিত রুটেই পরিচালনা করতে হবে।
২. আযান ও নামাজের সময় রথযাত্রায় লাউড স্পিকার বা মাইক বাজানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
৩. আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য রথযাত্রা কমিটিকে পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
৪. পোটলা বা কোনো সন্দেহজনক জিনিসপত্র নিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করা যাবে না।
৫. রথযাত্রার মিছিল চলাকালীন মাঝপথে কেউ যেন হুট করে প্রবেশ না করেন এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
সভায় উপস্থিত রথযাত্রা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সিএমপি’র এই নিরাপত্তামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪